আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে নতুন আশার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আগামী রোববারই দুই পক্ষের মধ্যে সমঝোতা চূড়ান্ত হতে পারে এবং চুক্তি স্বাক্ষর সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, চুক্তি কার্যকর হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে বলেও ইঙ্গিত দেন তিনি।
এদিকে আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির পক্ষ থেকে সম্ভাব্য চুক্তির জন্য ইলেকট্রনিক স্বাক্ষর ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
তবে ট্রাম্পের আশাবাদী বক্তব্যের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সমঝোতা স্মারক ঠিক কবে স্বাক্ষরিত হবে, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তাঁর ভাষ্য, আগামীকালই চুক্তি হবে—এমন ধারণা সঠিক নয় এবং এ বিষয়ে আরও অপেক্ষা করতে হবে।
দুই দেশের অবস্থানে এমন পার্থক্য থাকলেও কূটনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে চলমান আলোচনা গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। এখন সবার নজর সম্ভাব্য চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার দিকেই।
ADVERTISEMENT AREA
Md Samir Hosen